সেদিন রাতে নাজিম আর কোনো এসএমএস দিলো না। সারারাত আমি একটুও ঘুমাতে পারিনি। শুধু ছটপট করেছিলাম আর ভাবছিলাম যে নাজিম কি সত্যি আমাকে ভুলে গিয়ে অন্য মেয়ের সাথে সম্পর্ক করবে। এতোদিনে ভালোবাসা বিশ্বাস সবকিছু কি নষ্ট হয়ে যাবে!
চোখের পানিতে বালিশ ভিজে যাচ্ছে, নাজিম আমার পাশেই শুয়ে আছে। হয়তো ঘুমিয়ে আছে না হলে আমার চোখের পানিতে তার কিছু যায় আসে না। এমন নানান সব চিন্তার মাঝে কেউ আমার ধাড়ে হাত রাখলো। স্পর্শটা বড্ড পরিচিত,
--" কাঁদছো কেন তুমি? খারাপ স্বপ্ন দেখেছো নাকি? দেখি আমার কাছে এসে ঘুমাও। "
নাজিমের কথার কোনো জবাব দিলাম না। চুপচাপ শুয়ে রইলাম। নাজিম আমার বাহু ধরে ওর দিকে ফিরালো তারপর খুব যত্ন করে চোখে মুখে লেপ্টে থাকা পানির কণাগুলো মুছে দিতে দিতে বললো, " কি স্বপ্ন দেখেছো তুমি হুম? আমি মরে গেছি নাকি তোমাকে রেখে চলে গেছি?"
নাজিমের কথায় আমার সারা শরীর কেঁপে উঠলো। নাজিম আমাকে ও-র বাহুর মাঝে আবদ্ধ করে নিলো তারপর মুচকি হেসে বললো, " কি হয়েছে তোমার? কাঁদছো কেন?"
--" আপনি হাসছেন কেন? আমার কান্না দেখে খুব ভালো লাগছে তাই না?"
কান্না জড়িত কন্ঠে কথাগুলো বলে নাজিমের বাহুর বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে লাগলাম। কিন্তু তাতে কোনো প্রকার লাভ হলো না। বরং নাজিম আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো।
--" না তোমার কান্না দেখে হাসছি না। কেউ একজন আমাকে হারানোর ভয় পায় তাই হাসছি। জানো তো প্রেয়সী ভালোবাসার মানুষ যখন তোমার প্রতি ভালোবাসা প্রকাশ করবে তখন তুমি হাসতে বাধ্য হবে। তুমি না চাইতেও তোমার ওষ্ঠদ্বয় প্রসারিত হবে। তোমার মলিন মুখে খুশির আভা ছড়িয়ে যাবে। চাইলে তুমি মিলিয়ে নিতে পারো। আমি তোমায় মিথ্যা বলছি না।"
আমি অপলক দৃষ্টিতে নাজিমের দিকে তাকিয়ে আছি। নাজিমকে বড্ড অপরিচিত লাগছে আমার কাছে। হয়তো ও-র কথার সত্যতা বোঝার চেষ্টা করছি বলে। আমি চুপ করে আছি দেখে নাজিম আর কিছু বললো না। আমার কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে নিজের বুকের সাথে চেপে ধরলো। আমার কানে ভেসে আসছে নাজিমের হৃদয় স্পন্দন। আমি খুব কাছ থেকে অনুভব করতে পারছি ও-কে। তবুও কেন জানি অনেক দূরত্ব আমাদের। হয়তো আমি নাজিমের থেকে দূরে সরে গিয়েছি নয়তো নাজিম আমার থেকে অনেক অনেক দূরে। এগুলো সব আমার ভাবনা। নাজিম আমাকে বুকে জড়িয়ে শুয়ে আছে। আলতো করে কপালে হাত বুলিয়ে দিচ্ছে। কোনো মেয়ের কাছে এর থেকে বেশি সুখের মুহুর্ত বুঝি আর নেই।
নানান কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই। ফজরের আজানের শব্দে ঘুম ভেঙে নিজেকে নাজিমের বাহুর মাঝে আবিষ্কার করলাম। ঘুমন্ত নাজিমকে বড্ড শান্ত লাগছে। চোখ মুখ কিছুটা ফুলে ওঠেছে। সারা মুখে তেল লাগিয়ে আছে এমন দেখাছে। তবুও এই মানুষটাই আমার কাছে বড্ড সুদর্শন। বিবাহিত নারীদের কাছে তার স্বামীই সব থেকে সুন্দর। অন্য কোনো পুরুষ যেন বড্ড বিরক্তিকর। স্বামী থাকার পরও অন্য কারো প্রতি আকৃষ্ট হওয়ার অধিকার কোনো রমণীর নেই। কোনো পুরুষের স্ত্রী ব্যতিত অন্য কারো প্রতি আকর্ষিত হওয়ার অনুমতি নেই। দুইজন মানুষ যেন দুইজনের মাঝেই সীমাবদ্ধ। হাজারও বেড়াজালে আটকে আছে দুইজন। এ গন্ডির ভিতর তৃতীয় কারো প্রবেশের অনুমতি নেই, তৃতীয় কারো উপস্থিতি সহ্য করার মানসিকতাও হয়তো কোনো নরনারীর নেই।
--" আমাকে দেখা হলে কি আমরা ওজু করে আসতে পারি? আমি জানি আমি সুন্দর, এতো দেখার কি আছে শুনি?"
নাজিমের কথায় আমার ধ্যান ভাঙলো। দুইজন মিলে ওজু করে নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষে নাজিম প্রায়ই কুরআন তিলাওয়াত করে। আমি তখন নাজিমের পাশে বসে থাকি। কখনো কখনো সকালে মনোমুগ্ধকর বাতাসে দুইজন হেঁটে বেড়াই। কখনো কখনো আমি রান্না করার সময় নাজিম পাশে বসে তরকারিতে লবন ঠিক আছে কিনা পরীক্ষা করার তীব্র বাসনা প্রকাশ করে। সত্যি বলতো আমরা অনেক খুশি। এতো সুখের মাঝেও আজ কোথাও কিছু খামতি রয়েছে।
প্রতিদিনের মতো নাজিম অফিসে যাওয়ার পর আমার মোবাইলটা নিয়ে বসলাম। ফেইক আইডি গিয়ে দেখলাম নাজিম এসএমএস দিয়েছে,
--" কি দরকারে এসএমএস দিয়েছেন? "
নাজিমের এসএমএসটা বড্ড খাপছাড়া লাগলো আমার কাছে। তবুও নিজেকে সংযত করার চেষ্টা করলাম। তারপর এসএমএসের রিপ্লে দিলাম।
--" আপনিই তো কাল নক দিলেন।"
--" আপনি ভুল বলছেন। আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে এসএমএস দিয়েছিলেন যে কেমন আছেন। তাই আমি আপনাকে রিপ্লে দিয়েছি। "
--" প্রয়োজন ছাড়া কি আপনাকে এসএমএস দেওয়া যাবে না? এমনটাও তো হতে পারে আমি আপনাকে ভালোবাসি।"
--" আপনি আমাকে ভালোবাসেন কিনা আমি জানি না। এমনকি আমি মনেও করি না এটা জানার কোনো প্রয়োজনীয়তা আমার রয়েছে।"
--" কেন আপনাকে ভালোবাসা কি অপরাধ নাকি?"
--" অনেকটা তেমনই। আমি বিবাহিত। আমার স্ত্রী আমাকে যথেষ্ট ভালোবাসে। আমার স্ত্রী ব্যতিত কোন মেয়ে আমাকে নিয়ে কেমন ধারণা করলো বা কেমন অনুভব করলো তা জানার বিন্দুমাত্র প্রয়োজনীয়তা আমার নেই।"
নাজিমের এসএমএসটা দেখে খুশিতে নাচতে ইচ্ছে করছে। আমার বরটা কত ভালো। আমি শুধু শুধুই সন্দেহ করছিলাম। কিন্তু না নাজিমকে আর একটু পরীক্ষা করে দেখতে হবে। এতো সহজে আমি ও-কে ছাড়বো না হি হি। কিছু সময় খুশিতে গড়াগড়ি দিয়ে নাজিমকে আবারও এসএমএস দিলাম।
--" বউ থাকলেই যে কারো সাথে কথা বলা যাবে এমনটা কোথায় লেখা আছে? আপনার বউয়ের কাছে বুঝি আপনার আইডি পাসওয়ার্ড আছে? বউকে ভয় পান নাকি?"
--" বউ থাকলেই যে কারো সাথে কথা বলা যাবে না এমনটা নয়। তবে আপনি প্রথমেই অন্যভাবে কথা বলা শুরু করেছেন। আর আমার স্ত্রীর মন এতোটা নিচু নয় যে সামান্য আইডি পাসওয়ার্ডও নিজের কাছে রেখে দিবে। আমাদের সম্পর্কটা ভালোবাসায়, বিশ্বাসের, সম্মানের। আমাকে সে বিশ্বাস করে আর আমি তার বিশ্বাসের অমর্যাদা করতে চাই না। প্রয়োজন ব্যতিত কোনো কারণে আমাকে বিরক্ত করবেন না। "
ইসসসস! বউয়ের প্রতি কতো ভালোবাসা উনার। দেখলে একদম মন ভরে যায়। শেষবারের মতো একটু জ্বালানোর ইচ্ছায় একটা সুন্দরী মেয়ের ছবি দিলাম। তারপর লিখলাম,
--" এতো সুন্দর একটা মেয়েকে ফিরিয়ে দিতে আফসোস হচ্ছে না আপনার?"
--" না আফসোস হচ্ছে না। বরং এটা ভেবে ভালো লাগছে যে আমি মানুষ। কোনো পশুর স্বভাব আমার ভিতর নেই, পশুর মতো নানান সঙ্গীর প্রয়োজন নেই আমার। আপনি নিজেকে সুন্দর দাবী করলেও আমার কাছে আমার স্ত্রী পৃথিবীর সব থেকে সুন্দরী রমণী। "
আহা! আমার যে কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। শুধু শুধু আমার বরটাকে আমি সন্দেহ করলাম। সত্যিই তো আমাদের সম্পর্কটা ভারচুয়াল না যে আইডি পাসওয়ার্ড এসব ব্যাপারে সীমাবদ্ধ থাকবে। নাজিম যেমন কখনো ও-র আইডি পাসওয়ার্ড আমাকে দেয়নি। তেমনই কখনো আমার মোবাইল চেক করেনি বা আমার ফেসবুক আইডি চায়নি। কারণ আমাদের সম্পর্কে বিশ্বাস আছে। আমরা একে অপরকে বিশ্বাস করি। ভালোবাসা ছাড়া সম্পর্ক টিকে থাকলেও বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকে না। নাজিমকে আর কিছু বলতে যাবো এমন সময় খেয়াল করলাম নাজিম আমাকে ব্লক করে দিয়েছে। আমি সত্যি অনেক ভাগ্যবতী যে নাজিমের মতো বর পেয়েছি।
মোবাইলটা বালিশে পাশে রেখে নিজের কাজে চলে গেলাম। আজ নাজিমের পছন্দসই খাবার রান্না করবো। নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে রাখবো ও-র জন্য।
সন্ধ্যায় নাজিম বাড়িতে আসলো। ততোসময় আমি সেজেগুজে একদম পরিপাটি হয়ে রয়েছি। নাজিম গজগজ করতে করতে বাড়িতে আসলো। তারপর রাগী গলায় বললো, মিতা আমাকে এক গ্লাস পানি দাও। "
আমি এক গ্লাস লেবুর শরবত নিয়ে ও-র কাছে গেলাম। নাজিম আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি একটু ভাব দেখিয়ে বললাম, " আমি জানি আমি সুন্দরী। এতো দেখার কি আছে?"
নাজিম সোফা থেকে উঠে এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। তারপর কানের কাছে মুখ নিয়ে বললো, " তোমার সাজে অপূর্ণতা রয়ে গেছে।"
কথাটা বলে ও-র পকেট থেকে একগুচ্ছ ঘাসফুল আমার কানে গুঁজে দিলো। ও-র এমন কান্ড দেখে আমার খুব হাসি পাচ্ছে। মানুষ গোলাপ বেলি কত ধরনের ফুল দেয় আর উনি আমাকে ঘাসফুল দিচ্ছে। তবুও কেন জানি খুব ভালো লাগছে। ভালোবাসার উপহার কখনো টাকার মূল্যে আটকে থাকে না। তা সর্বদাই অমূল্য।
রাতে ঘুমানোর সময় নাজিম আমার মোবাইলটা নিয়ে ও-র আইডি লগইন করে দিতে দিতে বললো, " আমি ছাড়া কোনো ছেলের দিকে তাকাবে না বুঝেছ। তবে কোনো ডাইনি রাক্ষসী আমাকে বিরক্ত করলে ইচ্ছে মতো শিক্ষা দিয়ে দিবে। আজকে মেজাজটাই খারাপ করে দিয়েছে।
নাজিমের কথার কোনো জবাব না দিয়ে আমি ও-কে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরলাম। আজ কেন জানি খুব ভালো লাগছে আমার। নাজিম ফোনটা রেখে আমাকে উদ্দেশ্য করে বললো, " কি হলো তোমার?"
আমি মুচকি হেসে বললাম, " আমাদের সম্পর্কে এইসব অবিশ্বাস না-ই বা রইলো। কোনো ডাইনি রাক্ষসী অথবা সুন্দরী রমণী আমার বরকে নিতে আসলে কি আমার বর আমাকে রেখে তার সাথে চলে যাবে নাকি? "
নাজিম দৃঢ় কন্ঠে বললো, " না যাবে না। তুমি বিশ্বাস করতে পারো তোমার বরকে। "
আমি নাজিমের বুকে হাত রেখে বললাম, " আমি বিশ্বাস করি তোমায়! "
সমাপ্ত
.png)
.png)